কর্ণফুলীতে অনুমোদনহীন ৪ হাজার লিটার তেল জব্দ

0

মঈন উদ্দিন মাহমুদ(রিপোর্টার):

রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক এলাকায় অনুমোদনহীনভাবে বোতলজাত করা ৪ হাজার লিটার নকল সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।অসাধু এ চক্রটি “রূপচান্দা” ব্র্যান্ডের সয়াবিন তেলের মোড়ক নকল করে বাজারজাত করে আসছিলো।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে লেবু, সবজি ও ফলমূল বিক্রির অপরাধে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার ২ মার্চ ২৫ ইং বিকাল ৪ টায় জেলা প্রশাসন, চট্টগ্রামের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এর আদালত কর্ণফুলীর ব্রীজঘাট বাজার এলাকায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন ।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ ছিলো।তাছাড়াও বিভিন্ন দোকানে সহজে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না বা পাওয়া গেলেও ব্যবসায়ীরা সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন।এই সুযোগে নকল ব্র্যান্ডের তেলও বাজারজাত করা হচ্ছিল।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

অভিযানকালে কর্ণফুলী থানার এসআই ফিরোজ এর নেতৃত্বে পুলিশের টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.